ছোটবেলা থেকে গানের প্রতি অসম্ভব ঝোঁক ছিল ইমরানের। বাবা বিষয়টা খুব বেশি ইতিবাচক দৃষ্টিতে না দেখলেও মা বুঝতে পেরেছিলেন ছেলের ভালোবাসা। তাই নিজের জমানো টাকায় ছেলের হারমোনিয়াম কিনে দেন।
প্রথম হারমোনিয়াম প্রপ্তির বিষয়ে প্রজন্মের জনপ্রিয় শিল্পী বলেন, ‘ছোটবেলা থেকে গান ভালোবাসতাম। বাবা আমার ক্যারিয়ার নিয়ে বেশি ভাবতেন। ফলে গানে তেমন উৎসহ দিতেন না। মা বুঝেছিলেন, গানই আমার ভালোবাসা। তার জমানো টাকা দিয়ে কিনে দেন আমার হারমোনিয়াম।’ এছাড়া মা তাকে প্রতিদিন ঢাকার যানজট মাড়িয়ে গানের শিক্ষকের কাছে নিয়ে আসতেন, নিয়ে যেতেন বলে জানান ইমরান।
এখন গান নিয়ে বাবার উম্মাদনা বেশি। তিনি বলেন, ‘এখন বাবা সারাক্ষণ বাসায় আমার গান দেখেন ইউটিউবে। কোন গান দর্শক কেমন দেখছে, সেটাও খেয়াল করেন। আমাকে বলেন, তোমার এই গানের চেয়ে ওই গানের দর্শক বেশি। আবার পিছিয়ে থাকা কোনো গানের ভিউজ বাড়তে থাকলে বলেন, এখন তো এই গানের ভিউজ বেড়ে যাচ্ছে। মানে গান নিয়ে আমার চেয়ে বাবার উত্তেজনা বেশি। বিষয়টা খুব ভালো লাগে।’
কণ্ঠশিল্পী ইমরান সংগীত জগতে প্রবেশ করেন চ্যানেল আইয়ের রিয়েলিটি শো সেরা কণ্ঠের মাধ্যমে। রিয়েলিটি শোয়ের মাধ্যমে এলেও অন্যসব তারকার মতো চমক দেখিয়ে হারিয়ে যাননি। বরং দর্শকদের উপহার দিচ্ছেন একের পর এক জনপ্রিয় গান। তার একাধিক গান কোটিবার দেখা হয়েছে ইউটিউবে। দেশের পাশাপাশি কলকাতাও তৈরি হয়েছে চাহিদা।
আজকের সফল ও ব্যস্ত গায়ক ইমরান এসেছিলেন চ্যানেল আইয়ের স্টুডিওতে। ‘ফিজআপ চ্যানেল আই সেরা কণ্ঠ’ সিজন সিক্সে অংশ নেওয়া প্রতিযোগীদের সঙ্গে সঙ্গে আড্ডা আর পরামর্শ দিতে এসে বলেন গান নিয়ে তার পথচলার গল্প।

কোন রাউন্ডটা আপনার টার্নিং পয়েন্ট ছিল, জানতে চাইলে ইমরান বলেন, ‘আমাদের একটা রাউন্ড ছিল পুরোনো দিনের গান। সেখানে গেয়েছিলাম খুরশিদ আলমের ‘ওই দূর দূরান্তে’ গানটি। সেই গান শুনেই সাবিনা ইয়াসমীন আমার সঙ্গে প্লেব্যাক করার অফার দেন। এই ঘটনায় আমার আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যায়। ইয়েসকার্ড পাওয়ার পর এটাই ছিল টার্নিং পয়েন্ট।’
ইমরানের গান ইউটিউবে এত হিট হচ্ছে কেন, জানতে চাইলে বলেন, ‘ইউটিউবের অধিকাংশ দর্শক তরুণ। সেদিকটা মাথায় রেখে গানের কথা ও ভিডিও সাজাই। বাংলা গানের বেইজমেন্টের উপর নির্ভর করে বিশ্ব সংগীতের ছোঁয়া রাখি। ফলে গানে ভেরিয়েশন আসে, দর্শক গান শুনে ও দেখে আনন্দ পায়।’
ইমরান ঈদের কাজ নিয়ে ব্যস্ত। কলকাতার শুভমিতা ও অন্বেষার সঙ্গে গান গেয়েছেন। অচিরেই শ্রোতারা শুনবে পাবেন এই গান দুটি।








