রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের কাছে র্যাবের সঙ্গে বৃহস্পতিবার গোলাগুলিতে নিহত ‘ছিনতাইকারী’ আলমগীরের বাবা জানতেন ছেলে ঢাকায় গাড়ি চালায়।
শনিবার আলমগীরের বাবা খাদেম আলী চাকলাদার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে গিয়ে লাশ বুঝে নেওয়ার পর সাংবাদিকদের একথা জানান।
খাদেম আলী চাকলাদার জানান, তাদের বাড়ি বরিশাল বিমানবন্দর থানার খানপুর গ্রামে। পত্র-পত্রিকায় খবর দেখে তিনি শুক্রবার রাতে ছেলের খোঁজে ঢাকায় আসেন।
পরিবারে এক ভাই ও দুই বোনের মধ্যে আলমগীর দ্বিতীয় সন্তান জানিয়ে তার বাবা বলেন, ছেলে ঢাকায় গাড়ি চালাতো বলে তিনি জানতেন। তবে কোথায় থাকতেন সে সম্পর্কে পরিবারের কেউ কিছু জানেন না। চার বছর ধরে আলমগীর ঢাকায় থাকেন। বাড়িতে তেমন যোগাযোগ ছিল না। মাঝে-মধ্যে পরিবারের খরচের জন্য কিছু টাকা দিত।
র্যাব জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের কাছে র্যাবের সঙ্গে গোলাগুলিতে দুইজন গুলিবিদ্ধ হন। এর মধ্যে একজন আলমগীর। তারা দুইজনই ছিনতাইকারী ছিল। ওইদিন রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আলমগীর মারা যায়।










