সিরাজগঞ্জের সলঙ্গায় নিজের ৫০ দিনের শিশু সন্তানকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বুধবার বিকেলে সলঙ্গা থানার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রাইসা। পারিবারিক সূত্রে জানা গেছে, সলঙ্গা থানার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রঞ্জু মিয়ার (২৫) সাথে প্রায় তিন বছর আগে পার্শ্ববর্তী ভয়নগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে জান্নাতি খাতুনের বিয়ে হয়। রঞ্জু মিয়ার অতিরিক্ত মাদক সেবন ও বারবার যৌতুকের চাপ দেয়ায় এক পর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়।
কিছুদিন আগে গর্ভবতী অবস্থায় জান্নাতি খাতুন বাবার বাড়ি চলে যান এবং একটি কন্যাসন্তান প্রসব করেন। সন্তানের বয়স ৫০ দিন হলে উভয় পরিবারের মধ্যে আলোচনা করে মঙ্গলবার ২৯ মার্চ রাতে জান্নাতিকে শিশুসন্তানসহ রঞ্জু তার নিজ বাড়িতে নিয়ে আসেন।
বুধবার বিকেলে রাইসাকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে জান্নাতি খাতুন গোসল করতে যান। এ সুযোগে রঞ্জু মিয়া শিশু রাইসাকে কোলে তুলে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে পা দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই শিশু রাইসা মারা যায়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
এবিষয়ে রাইসা নানা বাদি হয়ে সলংগা থানায় একটা হত্যা মামলা করে।ঘটনার পরে পুলিশ ও র্যাবের যৌথ অভিজানে বাবা রঞ্জু মিয়া (২৫) কে আটক করা হয়েছে ।







