১৫ জানুয়ারি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানে বহুদিনের প্রেমিকা বৃটিশ নাগরিক পারভিন দুশাঞ্জকে বিয়ে করলেন বলিউডের বিখ্যাত প্রবীণ অভিনেতা কবির বেদি। কিন্তু এ বিয়েতে খুব একটা খুশি নন কবির বেদির মেয়ে পুজা বেদি। তার প্রমাণ পাওয়া গেলো পুজার ফেসবুক স্ট্যাটাসে। নতুন সৎমাকে ‘ডাইনি’ বলে ডাকলেন তিনি!
কবির বেদির প্রথম পক্ষের মেয়ে বলিউড অভিনেত্রী পুজা বেদি। অভিনেত্রী থেকে কলাম লেখক হওয়া ৪৫ বছর বয়সী পুজা বাবার নতুন বিয়ে সম্পর্কে বেশ সরাসরিই নিজের অনুভূতি জানালেন ফেসবুকে।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘প্রতিটি রূপকথার গল্পেই একজন দুষ্ট ডাইনি বা পাজি সৎমা থাকে। আমার গল্পেও এমন একজন চলে এসেছে! কবির বেদি এইমাত্র বিয়ে করলেন পারভিন দুশাঞ্জকে।’
নতুন বিয়ের পরদিন, মানে ১৬ জানুয়ারি নিজের ৭০তম জন্মদিনের অনুষ্ঠানে সবাইকে তার সঙ্গে থাকার জন্য এবং বিয়েতে শুভকামনা জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কবির বেদি ও নৃত্যশিল্পী প্রতিমার মেয়ে পুজা বেদি। পুজার মা প্রতিমাসহ কবির বেদি সর্বমোট চারটি বিয়ে করেছেন। প্রতিমার সাথে ছাড়াছাড়ির পরে ফ্যাশন ডিজাইনার সুজান হামফ্রে ও টিভি উপস্থাপিকা নিকি বেদিকে বিয়ে করেছিলেন কবির বেদি।







