চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে হিমেল আশরাফের প্রথম ছবি ‘সুলতানা বিবিয়ানা’। গত সোমবার কোনো কাটাকাটি ছাড়াই ছবিটি ছাড়পত্র পেয়েছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি বাপ্পী চৌধুরী ও আঁচল।
বাপ্পী বলেন, ‘ছবিতে দর্শক আমাকে একটু ভিন্ন আঙ্গিকে দেখতে পাবে। গ্রামীণ পটভুমির নিটোঁল প্রেমের ছবি এটি। আশা করছি, আমার ভক্তরা ছবিটি দেখে আনন্দ পাবেন।’
পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘খুব ভালো লাগছে, ছবিটি মুক্তির পথে একধাপ এগিয়ে গেল। মনের মধ্যে এক ধরনের উত্তেজনা বোধ করছি। প্রথম ছবি কীভাবে দর্শক নেয়। তবে দর্শককে এতটুকু আশ্বস্ত করতে চাই, আমি চেষ্টা করেছি মান বজায় রেখে ছবিটি নির্মাণ করতে। বাকিটা দর্শকদের ওপর ছেড়ে দিলাম। ছবিটি মুক্তি পাবে ২৪ মার্চ। সবাইকে অনুরোধ করব, সবাই প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখুন।’
ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত ‘সুলতানা বিবিয়ানা’ ছবির গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যশোর, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ, বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থানে ছবিটির শুটিং হয়েছে।







