বান্দরবানের আলীকদমে ৩ ব্যবসায়ী অপহরণের তিনদিন পর হাত-পা বাঁধা অবস্থায় তিন গরু ব্যবসায়ীর জবাই করা মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর চার যুবককে আটক করেছে পুলিশ।
আজ (সোমবার) দুপুর ২টার দিকে জেলার থানচি-আলীকদম সড়কের টাম বাগান নামক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
থানচি থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ও আলীকদম উপজেলা পরিষদের
চেয়ারম্যান মো: আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায় অপহৃত এই তিন
ব্যবসায়ীর মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত তিন গরু ব্যবসায়ীরা হলেন আলীকদম উপজেলার ওবাইদুল হাকিম পাড়ার ওমর হামজার ছেলে মোঃ আবু বকর (২৮), একই এলাকার মোঃ শফি উদ্দিন এর ছেলে মোঃ আফসার উদ্দিন এবং বটতলী পাড়া এলাকার মোঃ ইসলামের ছেলে মোঃ শাহাব উদ্দিন (৩০)।
সিরাজুল ইসলাম জানান, আটক চারজনসহ ১৪ জনের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা দায়ের হয়েছে।







