বান্দরবানের লামায় শ্রমিকবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ১০ জনকে।
বান্দরবানের লামার ইয়াংছা এলাকায় মোবাইলফোন কোম্পানি গ্রামীণফোনের টাওয়ার নির্মাণের যন্ত্রপাতি বহনকারী ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরো তিনজন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজীব (৪০), রবিন (৩৫), আফতাব (৫৫), আমজাদ(৪৫), হাসান (৩৫), রকীব (৪০) ও আলেক (৩৪)। নিহতদের সকলের বাড়ী পাবনার ঈশ্বরদী বলে জানা যায়।
উদ্ধার তৎপরতার কাজে দায়িত্বরত লামা থানার পুলিশের উপ-পরিদর্শক রবিউল ইসলাম বলেন, অতিমাত্রায় লোডের কারণে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।






