ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৬ সদস্যের দলে নাম নেই সৌম্য সরকার এবং তাসকিন আহমেদের। দুই বছর পর দলে ফেরানো হয়েছে এনামুল হক বিজয়কে।
এনামুল সর্বশেষ ওয়ানডে খেলেন ২০১৫ সালের মার্চ মাসে। স্কটল্যান্ডের বিপক্ষে। ঘরোয়া ক্রিকেটে ভালো করে আবার ফিরলেন লাল সবুজের জার্সিতে।
বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলে সাউথ আফ্রিকার বিপক্ষে। ওই সিরিজে দ্বিতীয় দফায় মুমিনুল হককে দলে নেয়া হয়। এবার তাকে রাখা হয়নি।
ওই সফরের দল থেকে আরও বাদ পড়েছেন লিটন কুমার দাস। দলে নেয়া হয়েছে এর আগে মাত্র দুটি ওয়ানডে খেলে মোহাম্মদ মিঠুনকে।
১৫ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। এই আসরে ফাইনালসহ ম্যাচ সাতটি। প্রতিটি দল অপর দলগুলোর সঙ্গে দুইবার করে মুখোমুখি হবে। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনাল ২৭ জানুয়ারি।
১৬ সদস্যের বাংলাদেশ দল: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, আবুল হাসান, সাইফউদ্দিন এবং সাঞ্জামুল।








