অন্তর্বর্তী সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের জয়পুরহাট সফর নিয়ে জেলাজুড়ে আলোচনা চলছে।
উপদেষ্টার আগমন উপলক্ষে ছুটির দিন শুক্রবারও দুটি বিদ্যালয়ের ৩৯ জন শিক্ষক-কর্মচারীকে বিদ্যালয়ে আসতে হয়।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তার শ্বশুরের কবর জিয়ারত করেছেন। তার শ্বশুর আওয়ামী লীগের একজন এমপি ছিলেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫২ মিনিটে হেলিকপ্টারযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামেন তিনি।
গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন জানান, হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের স্থান স্কুলে হওয়ায় স্কুল খোলা রাখা হয়েছে। উপদেষ্টা যাওয়ার সময় আমরা স্কুলের উন্নয়ন ও মাঠ সংস্কারের জন্য আবেদন করেছি।
উপদেষ্টা দুপুর ১টা ৩ মিনিটে বগুড়ার দুপচাচিয়া উপজেলার মর্তুজাপুর সিদ্দিকীয়া দারুল হেদায়েত শরীফে পৌঁছান। সেখানে জুমার নামাজ আদায় শেষে তার শ্বশুর, আওয়ামী লীগ থেকে নির্বাচিত জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আবদুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন।
পরে দুপুর ১টা ৫০ মিনিটে তিনি আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর হিমাগার লিমিটেডে মধ্যাহ্নভোজ করেন। বিকেল ৫টা পর্যন্ত ওই হিমাগারে অবস্থান করার পর ৫টা ১২ মিনিটে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন উপদেষ্টা।
সাংবাদিকরা এ সফরের বিষয়ে প্রশ্ন করলে হেলিকপ্টারে ওঠার সময় তিনি বলেন, ২০ বছর পর শ্বশুরবাড়িতে আসা।
১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবদুর রাজ্জাক আকন্দ।
(এ সংবাদটির আগের শিরোনামে বিদ্যালয় খোলা রাখার কথা বলা হয়েছিল। বিদ্যালয় খোলা রাখার কথা বলা হলে শিক্ষার্থীরাও উপস্থিত ছিল বলে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। তাই শিরোনামটি পরিবর্তন করা হয়েছে।)








