বিশ্বে ব্যবসার পরিবেশের ক্ষেত্রে আগের বছরের চেয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংক ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের সূচকে এবার ১৭২ থেকে ১৭৪’এ নেমে গেছে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে অবনতি হয়েছে পাকিস্তানেরও। ১০ ধাপ পিছিয়ে তাদের অবস্থান ১৩৮ নম্বরে। তবে আট ধাপ উন্নতি করা ভারত আছে ১৩০ নম্বরে।
একটি দেশের অর্থ-বাণিজ্যের পরিবেশ দশটি মাপকাঠিতে তুলনা করে এই সূচক তৈরি করা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতির জন্য প্রতিবেদনে ঢাকা ও চট্টগ্রামের তথ্য ব্যবহার করা হয়েছে।
বিশ্বব্যাংক ও আইএফসি বুধবার তাদের বার্ষিক প্রতিবেদন ‘ডুয়িং বিজনেস ২০১৬’ প্রকাশ করে। এতে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এবার ১৭৪। এই দুই সংস্থার বিচারে বাংলাদেশে আগের চেয়ে ব্যবসা করা কিছুটা কঠিন হয়েছে।
এই তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। আর সবার শেষে রয়েছে ইরিত্রিয়া, লিবিয়া ও দক্ষিণ সুদান। শীর্ষ দশে আরো রয়েছে নিউজিল্যান্ড, ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া, হংকং, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ড।
প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে ৬০ শতাংশ দেশে ব্যবসার পরিবেশের নীতিতে উন্নতি করেছে।






