ইরাকের বাগদাদে বোমা হামলায় কমপক্ষে ১২৫ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছে। হামলার দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামি স্টেট, আইএস।
ইরাকি পুলিশ জানিয়েছে, শনিবার রাতে মধ্যাঞ্চলীয় জেলা কারাদের শপিং এলাকা ও রেঁস্তোরার কাছে গাড়ি বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি।
রোজার দিনে সূর্যাস্তের পর ক্রেতাদের সমাগমে এলাকাটি ব্যস্ত ছিল। বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
রোববার ঘটনাস্থল পরিদর্শনকালে বিক্ষুব্ধ জনতার মুখে পড়েন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। রাজধানীর উত্তরে শিয়া অধ্যুষিত এলাকায় মধ্যরাতে আরেকটি বোমা বিস্ফোরণে নিহত হয় পাঁচ জন।








