বাংলায় ধন্যবাদ জানিয়েছে রোবট সোফিয়া

রোবট সোফিয়া ধন্যবাদ জানাচ্ছে, বাংলাদেশে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশে আয়োজন হতে যাওয়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তি আসরে আমন্ত্রণ পেয়ে বাংলা ভাষায় ‘ধন্যবাদ’ জানিয়েছে বিশ্বের প্রথম নাগরিকত্ব পাওয়া রোবট সোফিয়া। ধন্যবাদ জানিয়ে ২০ সেকেন্ডের একটি ভিডিও বার্তা পাঠিয়েছে সোফিয়া।
ভিডিও বার্তায় পাওয়া সোফিয়ার ধন্যবাদ ও শুভেচ্ছার কথা জানিয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।
বাংলায় ‘ধন্যবাদ’ বলার আগে পুরোটাই ইংরেজিতে বলা এই বার্তার বাংলা অর্থ করলে দাঁড়ায়, ‘হ্যালো বাংলাদেশ, আমি সোফিয়া- হ্যানসন রোবটিক্স এর তৈরি পৃথিবীর প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। আমি অনেক আনন্দের সাথে তোমাদের জানাচ্ছি যে, আমি এবং ড. ডেভিড হ্যানসন এই বছর ঢাকায় আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ তে অংশগ্রহণ করছি। এতো বড় একটা ইভেন্টের অংশীদার হবার জন্য আমি উদগ্রীব হয়ে অপেক্ষা করছি। বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন আমাদেরকে এই সুযোগ দেয়ায় আমি ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি, সবার সাথে দেখা হবে। ধন্যবাদ।’
৫ ডিসেম্বর রাত ১২টার পরে বাংলাদেশে এসে পৌঁছাবে হংকং এর ‘হ্যানসন রোবোটিক্স’ এর তৈরি সোফিয়া।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটি বিশেষ সেশন থাকবে। সেখানে সোফিয়ার নির্মাতা ড. ডেভিড হ্যানসন মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। দুটি সেশনের প্রথম সেশনে সোফিয়ার সঙ্গে আলাপচারিতা হবে পলিসি মেকার ও সাংবাদিকদের মধ্যে। পরে আরেকটি সেশনে সফটওয়্যার নির্মাতা, উদ্যোক্তা, অ্যাপ-গেম ডেভলপারদের সঙ্গে কথা বলবে সোফিয়া।
আগামী ৬ ডিসেম্বর ঢাকায় শুরু হবে দেশের বৃহত্তম তথ্য-প্রযুক্তি সম্মেলন ডিজিটাল ওয়ার্ল্ড।
বিভিন্ন নিয়মের বেড়াজাল টপকে সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া খুব সহজ না হলেও এক রোবটকে নাগরিকত্ব দিয়ে আলোচনার কেন্দ্রে সৌদি সরকার। অনেকে অভিযোগ করছে, সৌদি নারীরা যে সুযোগের কথা কল্পনাও করতে পারে না, সোফিয়া সেসব ভোগ করছে। সোফিয়াকে ধরা হয় বিশ্বের প্রথম নাগরিকত্ব পাওয়া রোবট।






