মিথ্যা সংবাদ পরিবেশন এবং গুজব ছড়ানোর অভিযোগে অনলাইন পোর্টাল বাংলামেইলের দুই সম্পাদক, ব্যবস্থাপনা পরিচালকসহ চারজনের বিরুদ্ধে আইসিটি আইনে পল্টন থানায় মামলা করেছে র্যাব।
অভিযুক্তদের মধ্যে তিনজন আটক থাকলেও ব্যবস্থাপনা পরিচালক ফজলুল আজিমকে পলাতক দেখানো হয়েছে।
এর আগে, রোববার রাত আনুমানিক সাড়ে বারটার দিকে বিজয়নগরের স্কাউট ভবনে বাংলামেইলের কার্যালয়ে অভিযান চালায় র্যাব-৩ এর একটি দল।
প্রায় ঘণ্টাখানেক পর বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্ল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদ হায়দার চৌধুরী এবং প্রাপ্ত পলাশ নামে এক প্রতিবেদককে আটক করে নিয়ে যায় র্যাব।
অনলাইন পোর্টালটির ভারপ্রাপ্ত সম্পাদককে তার উত্তরার বাসা থেকে ডেকে এনে আটক করা হয়। নির্বাহী সম্পাদককে বাংলামেইলের কার্যালয় থেকে আটক করে র্যাব-৩।
এরপর বাংলামেইলের কার্যালয়ে তালা লাগিয়ে দেয় তারা। অফিসের একটি, নিজেদের দুটি তালা ব্যবহারের পর চাবিগুলো নিয়ে যায় র্যাব। এ সময় অফিসের দুইটি কম্পিউটারও জব্দ করা হয়।
অনলাইন পোর্টালটির মালিক আজিম গ্রুপের কর্ণধার ফজলুল আজিম হাতিয়ার সাবেক সংসদ সদস্য। ওয়ান ইলেভেনের সময় বিএনপি থেকে বহিষ্কৃত হন তিনি।
২০১৩ সালের ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় অনলাইন সংবাদমাধ্যম বাংলামেইল২৪ডটকম-এর।







