অনলাইন সংবাদপত্র বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট হ্যাক করার হুমকি দিয়ে চাঁদা দাবি করা আবদুল্লাহ ফাহাদ নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তার বিরুদ্ধে হ্যাকিংসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ, চাঁদাবাজি ও প্রতারণার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার রাজধানী উত্তরা থেকে তাকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হ্যাকিংয়ের মাধ্যমে চাঁদাবাজির কথা স্বীকার করে।
সম্প্রতি রাজধানীর ভাটারা থানায় দায়ের করা বাংলানিউজের করা মামলার পরিপ্রেক্ষিতে ফাহাদকে আটক করা হয়। সে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি’র কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবা একটি বাহিনীতে কর্মরত।
জানা গেছে, ফাহাদ জাস্টিন, গ্লেন ম্যাক্সওয়েল, হোসনে মোবারক এমন সব ছদ্মনাম ছাড়াও রেজাউল করিম, তাসমির খান ও আবদুল্লাহ ফাহাদ নামে তার বিভিন্ন পোস্ট থেকে সাইবার জগতে যৌনতা ছড়ানো, পিসি ও নেটওয়ার্কে ভাইরাস ছড়ানো ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েব সাইট হ্যাক করেছে।
এর আগে সে বাংলানিউজ ছাড়াও হ্যাকিংয়ের হুমকি দিয়ে অর্থ আদায় ও আদায়ের চেষ্টা করে বলে জানা গেছে। তার বিরুদ্ধে আইসিটি অ্যাক্ট এর ৫৬ ধারায় মামলা করা হয়।
ফাহাদের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে জানা গেছে, গত ১৯ অক্টোবর বাংলানিউজকে [email protected] এই ঠিকানা থেকে পরপর দুটি ই-মেইল করে সে নিউজ সাইট হ্যাক করার ঘোষণা দিয়ে ১ হাজার ডলার দাবি করে। নিষিদ্ধ বিটকয়েনের একটি কোড নম্বরে সেই অর্থ পাঠানোর কথা বলে। পরে আরেকটি মেইল করে এসএ পরিবহনের মাধ্যমে নিশাত রহমান, বাড়ি নং- ২৩, রোড ৩, বি-ব্লক, শাহজালাল উপশহর, সিলেট এই ঠিকানায় ১ লাখ টাকা চাঁদা দাবি করে তা না হলে সাইট বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। তারই ধারাবাহিকতায় হুমকি দিয়ে একই ই-মেইল থেকে আসতে থাকে আরও কয়েকটি ই-মেইল।
গত ২০ অক্টোবর ভাটারা থানায় এ নিয়ে একটি সাধারণ ডায়েরি করে বাংলানিউজ। একই সঙ্গে র্যাবকেও বিষয়টি জানান বাংলানিউজ কর্তৃপক্ষ। এরপর পুরো এক সপ্তাহ নজরদারিতে রেখে, আবদুল্লাহ ফাহাদকে আজ সকালে তার নিজ এলাকা থেকে আটক করা হয়।






