জনগণকে দেশের শক্তি উল্লেখ করে জনগণের আস্থা অর্জনে কাজ করতে সশস্ত্রবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬৬ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের অখন্ডতা রক্ষায় যে কোনো অশুভ শক্তিকে প্রতিহত করতে সেনাবাহিনী প্রস্তুত।
রংপুরের খলেয়া গ্রামের কিছু অংশ দখল করেছে শত্রুবাহিনী। মুহুর্মুহু গুলি-বোমা, ট্যাংক আর ভারী গোলা বর্ষণের মধ্য দিয়ে আরো এগিয়ে আসছে শত্রুপক্ষ। এলাকাকে শত্রুমুক্ত করার ব্রত নিয়ে দেশমাতৃকাকে রক্ষায় জীবনবাজি রেখে ঝাপিয়ে পড়েছে সেনাবাহিনীর সাহসী ও দেশপ্রেমিক সদস্যরা। শত্রুপক্ষের ওপর শুরু হয় সেনাবাহিনীর দ্বিমুখি আক্রমণ। আধুনিক সরঞ্জামে সুসজ্জিত সেনাবাহিনী স্থল আর আকাশ পথে নতুন নতুন রণকৌশল প্রয়োগ করে শত্রুর ওপর। অংশ নেয় বিমানবাহিনীর যুদ্ধবিমান এবং আর্মি এভিয়েশনের বিমান ও হেলিকপ্টার। একের পর এক আক্রমণে পরাস্ত হয় শত্রুপক্ষ।
এটি কোনো যুদ্ধক্ষেত্র নয়, যুদ্ধে কিভাবে শত্রুপক্ষকে প্রতিহত করতে হবে তারই কৌশলে এ প্রশিক্ষণ মহড়া। রংপুর সদর উপজেলার খলেয়া এলাকায় ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ ব্রিগেড পরিচালিত শীতকালীন প্রশিক্ষণ মহড়া প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রধান অতিথির বক্তৃতায় সেনাবাহিনীর উন্নত মানের প্রশিক্ষণের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বে আজ সঙ্গতিপূর্ণ বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত।
সেনাবাহিনীকে একটি যুগোপযোগি ও সুসজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনী পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশ ও জাতির প্রয়োজনে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।






