ভিভিআইপি নিরাপত্তার আশ্বাস সত্ত্বেও নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বৃহস্পতিবার মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে সফর স্থগিতের কথা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড সফর স্থগিতের কথা নিশ্চিত করেন। এর আগে বুধবার দলের খেলোয়াড়দের রাজ্যদলগুলোতে যোগ দেয়ার নির্দেশ দেয় বোর্ড। তবে এখন না হলেও পরে এই সিরিজ অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেছেন অজি ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী।
সফর স্থগিতের জন্য ‘গভীর দুঃখ’ প্রকাশ করে সাদারল্যান্ড বলেন, বাংলাদেশ ঘুরে আসা নিরাপত্তা প্রতিনিধি দল ও অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সাদারল্যান্ড বলেন, ‘ছয়দিন ব্যাপক আলোচনা ও তদন্তের পর দেখলাম বাংলাদেশ সফর স্থগিত করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। এটা আমাদের জন্যও খুব হতাশাজনক ফলাফল।’
বাংলাদেশের ক্রিকেট ও সমর্থকদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, অস্ট্রেলিয়ার খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তার ব্যাপারটি সবসময়ই সর্বোচ্চ অগ্রাধিকারে থাকে।
দুই টেস্টের সিরিজ খেলতে গত সোমবারই ঢাকায় আসার কথা ছিলো অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তার অজুহাতে দেখিয়ে আসার ব্যাপারে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার কথা বলে সিএ। অস্ট্রেলিয়ার ‘ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড’ গত শুক্রবার তার নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে যে ‘সিকিউরিটি অ্যালার্ট’ জারি করে তার সূত্র ধরেই পরদিন টেস্ট দলের বাংলাদেশ সফর শুরুর সময় পিছিয়ে দেয় সিএ।
এর পরই বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকায় আসেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা বিভাগের প্রধান শন ক্যারল নেতৃত্বে চার সদস্যের দল। নিরাপত্তা নিয়ে তারা বিসিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সকল নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেন।






