বোর্ডের সঙ্গে লভ্যাংশের দ্বন্দ্বে স্বেচ্ছায় বেকার হয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। বাতিল হয়েছে সাউথ আফ্রিকা ‘এ’ দলের সঙ্গে অজি ‘এ’ দলের সিরিজও। আগস্টে বাংলাদেশের মাটিতে দুই টেস্টের সিরিজও আছে ঝুলে। এমন সংকটময় মুহূর্তে প্রতিশ্রুত বাংলাদেশ সফর যেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) গলার কাঁটা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হচ্ছে, ‘এ’ দলের সাউথ আফ্রিকা সফরটি বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন নির্বাচকরা। নতুনরা কে কেমন অবস্থায় আছে, সেটা তারা বুঝতে পারছেন না। এমনকি সফরের জন্য ১৩ জনকে রাজি করানোই কঠিন হয়ে পড়েছে!
অস্ট্রেলিয়ান ক্রিকেটার এ্যাসোসিয়েশন বা এসিসির সঙ্গে এখনও মীমাংসায় আসার চেষ্টা করছে সিএ। কিন্তু মিলছে না বরফ গোলার কোনও আভাস।
স্মিথ-ওয়ার্নারদের বিকল্প হিসেবে যাদের বিবেচনায় রেখেছিল সিএ সেই ‘এ’ দলের খেলোয়াড়রাই বেতন-ভাতার দাবিতে সাউথ আফ্রিকা সফর করেননি। চোট আক্রান্ত পেসার মিচেল স্টার্কের জায়গায় বোর্ডের ভাবনায় থাকা জ্যাকসন বার্ড, চাদ সেয়ার্সের মতো বিকল্প ক্রিকেটাররা কোনও প্রকার মীমাংসা ছাড়া জাতীয় দলে খেলতে চান না। ফলে ট্রেভর হোন্স, গ্রেগ চ্যাপেল, ড্যারেন লেহম্যানদের নিয়ে গড়া নির্বাচক কমিটির কপালের ভাঁজ বাড়ছেই।
তবে প্রধান নির্বাচক হোন্স আশায় আছেন, ১০ আগস্টের আগেই সমাধান হবে। সফরের জন্য আগে যাদের নাম ঘোষণা করা হয়েছিল, তারা থাকবেন।
হোন্সের আশা কি আলোর মুখ দেখবে?










