যুদ্ধাপরাধী বদর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ার পর বাংলাদেশ থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে তুরস্ক।
চ্যানেল আই’র কূটনৈতিক প্রতিবেদক পান্থ রহমানের কাছে ঢাকায় তুরস্ক দূতাবাস তাদের রাষ্ট্রদূত প্রত্যাহারের খবর নিশ্চিত করে জানিয়েছে, রাষ্ট্রদূত ডেব্রিম ওজটার্ক এরইমধ্যে ঢাকা ছেড়ে গেছেন। এখন আঙ্কারার পথে আছেন তিনি।
এর আগে আন্তজার্তিক গণমাধ্যম রয়টার্স ঢাকা থেকে তুরস্কের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার খবর জানালেও তুরস্কের গণমাধ্যমগুলো জানায়, রাষ্ট্রদূতকে জরুরি তলব করা হয়েছে।
তুর্কি গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নিজামীর ফাঁসি পরবর্তী করণীয় ঠিক করতে রাষ্ট্রদূতের সঙ্গে ‘পরামর্শ’ করতে তাকে দেশে তলব করা হয়েছে।
শুরু থেকেই নিজামীর ফাঁসির সরাসরি বিরোধিতা আসছিল পাকিস্তান ও তুরস্ক।
এর আগে ‘নিজামীর জাগতিক কোনো পাপ নেই’ দাবি করে ফাঁসি কার্যকরের বিরোধিতা করে বিবৃতি দিয়েছিলেন গণহত্যার অভিযোগে অভিযুক্ত তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
মঙ্গলবার রাতে নিজামীর ফাঁসি কার্যকর হওয়ার পর তুরস্কের পাশাপাশি পাকিস্তানও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।
প্রতিক্রিয়ায় ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে ডেকে পাঠায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয় থেকে বের হয়ে সুজা আলম বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে।







