শুরুটা এতটুকু ভালো ছিল না জামাল মোল্লার। সেই তিনি বাংলাদেশ ওপেনের দ্বিতীয়দিন কুর্মিটোলায় প্রত্যাবর্তনের গল্প লিখে দিন শেষে যৌথভাবে শীর্ষে রয়েছেন। আটটি বার্ডি ও একটি বোগির পাশাপাশি পারের চেয়ে আট শট কম খেলেন বাংলাদেশের এই গলফার।
বৃষ্টির কারণে দ্বিতীয় রাউন্ডের খেলাও পুরোপুরি শেষ হয়নি। দ্বিতীয়দিনে পারের চেয়ে পাঁচ শট কম খেলা সুইডেনের ম্যালকম কোকোচিনস্কি সব মিলিয়ে আট শট কম খেলে জামালের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন।
তিন লাখ ডলার প্রাইজমানির এশিয়ান ট্যুরের এই প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডে ১৮ হোলের খেলা শেষ করতে পারা মোহাম্মদ রবিন পারের চেয়ে দুই শট কম নিয়ে যৌথভাবে ২২তম স্থানে আছেন।
দ্বিতীয় দিনে নয় হোলের খেলা শেষ করতে পারা সিদ্দিকুর তিনটি বার্ডি ও একটি বোগি করেন। পারের চেয়ে ১ শট কম নিয়ে যৌথভাবে ২৬তম স্থানে থেকে দিন শেষ করেছেন ২০১৩ সালে দ্বিতীয় এবং সর্বশেষ এশিয়ান ট্যুরের শিরোপা জেতা এই গলফার।
দ্বিতীয় দিনেও দুলাল হোসেন সাদামাটা। ১২টি হোলের মধ্যে দুটি বার্ডি করেন তিনি। পারের চেয়ে ছয় শট বেশি খেলেছেন।







