আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: এই দেশ অন্ধকারে ছিল, শেখ হাসিনা দেশকে আলোর পথে নিয়ে এসেছেন। আলোর পথ থেকে বাংলাদেশ আর বিএনপির অন্ধকারের পথে ফিরে যাবে না।
বুধবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ, বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মযহারুল ইসলামের চতুর্দশ মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির হিসেবে যোগ দেন ওবায়দুল কাদের।
এসময় তিনি বলেন: বিএনপি মানেই অন্ধকার, বিএনপি মানেই হাওয়া ভবনের লুটপাট, আগুন সন্ত্রাস আর মানুষ খুন। সন্ত্রাস আর বিভীষিকার অন্ধকারে মানুষ আর ফিরে যাবে না।
বিএনপি বাংলাদেশকে খুনের দরিয়া ও কান্নার নদী বানিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য আজ মায়াকান্না করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।







