২০১৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত সব হোম সিরিজের টাইটেল স্পন্সরশীপ কিনে নিয়েছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের টাইটেল স্পন্সর প্রতিষ্ঠানটির মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’। অর্থ লেনদেনের এই সেবাটি ছড়িয়ে দিতে সিরিজের নামকরণ করা হয়েছে ‘রকেট বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ-২০১৭’।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে রকেটের নাম ঘোষণা করা হয়।
দুই বছরের জন্য বিসিবি স্পন্সর স্বত্ব বিক্রি করেছে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের কাছে। চুক্তির আওতায় সিরিজের নামকরণ, স্টাম্প, সাইটস্ক্রিন, বাউন্ডারি, গ্যালারি, ট্রফি, বিভিন্ন পুরস্কার, টিম বাস ও প্রবেশপথসহ মাঠের অনেক কিছুরই স্বত্ব মাত্রা কনসোর্টিয়ামের। অস্ট্রেলিয়া সিরিজে এসব কিছুর সত্ত্ব পাবে ডাচ বাংলা ব্যাংক।
ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের পক্ষে সানাউল আরেফিন ডাচ-বাংলা ব্যাংককে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা অতীতেও দেখেছি ক্রিকেটে তাদের এগিয়ে আসতে। আমার মনে পড়ে ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্ট ম্যাচে তারাই স্পন্সর করেছিল। ক্রিকেটের সঙ্গে তারা সবসময় আছে, থাকবে এই আশা করি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম শিরিন ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরী। বহুল প্রত্যাশিত সিরিজটি সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তারা।
ডাচ-বাংলা ব্যাংক গত বছরের সেপ্টেম্বরে আফগানিস্তান সিরিজের মাধ্যমে স্পন্সরশীপে ফেরে। পরে ইংল্যান্ড সিরিজে ছিল তারা। এবার অস্ট্রেলিয়া সিরিজেও টাইটেল স্পন্সরশীপে দেখা যাবে তাদের।
শুক্রবার বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২৭-৩১ আগস্ট মিরপুরে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে। মূল সিরিজের আগে ২২-২৩ আগস্ট বিসিবি একাদশের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।







