বাংলাদেশে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক সংসদ নির্বাচন দেখতে চায় জাতিসংঘ, এছাড়া মানবাধিকার কমিশন থেকে বাংলাদেশকে বহিষ্কারের দাবির বিষয়ে সদস্য রাষ্ট্রগুলো সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক।
নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সুশীল সমাজের কিছু লোক, মানবাধিকার সংগঠন, কয়েকজন মার্কিন কংগ্রেসম্যান জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে বাংলাদেশকে বহিষ্কারের দাবি জানিয়েছে উল্লেখ করে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘের সঙ্গে হস্তক্ষেপ করবে কিনা, সাংবাদিকের এমনসব প্রশ্নের জবাবে ফারহান হক বলেন, জাতিসংঘ বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে উৎসাহিত করে। মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ নিয়ে মন্তব্য করা আমার কাজ না। এটি সদস্য রাষ্ট্রগুলোর সিদ্ধান্তের বিষয়।
বাংলাদেশের প্রশংসনীয় উদ্যোগ হিসেবে রোহিঙ্গাদের আশ্রয় দেবার বিষয়ে তিনি বলেন, জাতিসংঘ প্রকৃত অর্থেই রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের উদারতার প্রশংসা করে। আমরা আশা করি, এটি অব্যাহত থাকবে।
সম্প্রতি ১৪ জন মার্কিন কংগ্রেস সদস্য জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ডকে একটি চিঠি দেন। ঐ চিঠিতে তারা জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়া জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের সদস্যপদ অবিলম্বে স্থগিত করতে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।







