বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সম্ভাব্য স্পিন বোলিং কোচদের তালিকায় বিসিবির প্রথম পছন্দের নামটা স্টুয়ার্ট ম্যাকগিলের। এই অজি লেগস্পিনারও সাকিব-মিরাজদের কোচ হতেও আগ্রহী। তবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের আগে তাকে পাওয়া নিয়ে সংশয় আছে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান এই তথ্য দিয়েছেন। বুধবার বাংলাদেশের ক্রিকেটারদের অনুশীলন ম্যাচ দেখতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসেন আকরাম। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সাবেক এই অধিনায়ক।
অজি সাবেক ম্যাকগিলের ব্যাপারে বিসিবি কেবল আগ্রহীই নয়, তাকে ঘরের মাঠে আসন্ন সিরিজের আগেই টাইগারদের সঙ্গে চায় বোর্ড। আকরাম বললেন সেই চেষ্টা কথাই, ‘ওর একটা ক্লিয়ারেন্সের জন্য আমরা অপেক্ষা করছি। আমরাও চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ম্যাকগিলকে আনার। যা দেরি হচ্ছে সেটা ওর জন্যই। ও নিজেও অবশ্য চেষ্টা করছে। বলাটা মুশকিল কবে আসবে। তবে সে বাংলাদেশের কোচ হতে আগ্রহী।’
গত ৩০ জুলাই বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ম্যাকগিলের ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছিলেন। প্রাথমিকভাবে তিনমাসের জন্য অজি সাবেককে আনার কথা বলেছিলেন তিনি। আকরাম সে বিষয়ে অগ্রগতির কথা জানালেও অস্ট্রেলিয়া সিরিজের আগেই পাওয়া যাবে কিনা সেটি নিশ্চিত করতে পারলেন না। আগামী ১৮ আগস্ট বাংলাদেশে আসছেন স্মিথ-ওয়ার্নাররা।
শেন ওয়ার্নের সময়ে জন্ম নিয়ে ওয়ার্নির ছায়াতেই ছিলেন ম্যাকগিল। ক্যারিয়ারে ৪৪ টেস্টে তার উইকেট আছে ২০৮টি, সেরা ১০৮ রানে ৮ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট ১২ বার ও টেস্টে দুই ইনিংস মিলিয়ে দুবার দশ উইকেট নিয়েছেন। এছাড়া মাত্র ৩টি ওয়ানডেই খেলার সুযোগ মিলেছে তার। ২০০৮ সালে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন অজি লেগস্পিনার।










