প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে আইএস-এর কোনো অস্তিত্ব নেই। আসন্ন পৌরসভা নির্বাচনে দলগতভাবে অংশ নেয়ারও ঘোষণা দেন তিনি।
রংপুরের দর্শনায় তার পল্লী নিবাস বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এরশাদ বলেন বাংলাদেশে আইএস-এর কোনো উপস্থিতি নেই। তাদের এখানে কোনো কাজ নেই। আর ওদের সৃষ্টি করেছে পশ্চিমা শক্তিগুলো। তারাই তাদের অস্ত্র গোলা বারুদ দিয়েছে। এখন আজ তারাই আইএস-এর বিরুদ্ধে বলছে।
‘পশ্চিমা শক্তিগুলো আইএস সৃষ্টি করেছিলো মূলত শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আজ সেই আইএস সারা বিশ্বে সন্ত্রাস করে বেড়াচ্ছে।’
এরশাদ বলেন, দেশে এখন গণতন্ত্রের ছদ্মাবরণে স্বৈরতন্ত্র চলছে। মানুষ মরবে গুম হবে কথা বলতে পারবে না সাংবাদিকরা লিখতে পারবে না; এমন গণতন্ত্র চলছে দেশে।
এর আগে ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি মটর শোভাযাত্রা সহকারে রংপুর নগরীর দর্শনা এলাকায় এরশাদ তার পল্লী নিবাস বাসায় এসে পৌঁছলে দলের বিপুল সংখ্যক নেতা কর্মী তাকে ফুল দিয়ে স্বাগত জানায়।





