বাংলাদেশের বন-জঙ্গল, বিভিন্ন জলাশয় এবং বসতবাড়ির আশেপাশে দেখা যায় নানা ধরনের বৈচিত্র্যময় উভচর প্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই প্রাণীগুলোর অবদান অপরিসীম। কিন্তু বাসস্থান হারিয়ে দিন দিন এই প্রাণীগুলো বিপন্ন হয়ে পড়ছে।
জলজ ও স্থলজ বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশের প্রতিবেশব্যবস্থা। ফলে বিভিন্ন প্রজাতির উভচর প্রাণীর সমাহার ঘটেছে বাংলাদেশে। মানববসতি থেকে শুরু করে বন জঙ্গল, নদী-নালা, পাহাড়-পর্বত প্রায় সব জায়গায় এদের বিচরণ রয়েছে। খাদ্য গ্রহণ, প্রজননসহ জীবনধারণের জন্য এদের জলজ ও স্থলজ উভয় পরিবেশের দরকার।
এরা ক্ষতিকর কীটপতঙ্গ, মশা-মাছি ও এদের লার্ভা খেয়ে যেমন অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করছে তেমনি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।
কিন্তু জনসংখ্যা বৃদ্ধির কারণে বনজঙ্গল, ঝোঁপঝাড়, জলাশয় প্রভৃতি প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করা হচ্ছে। ফলে উভচর প্রাণীদের আবাসস্থল কমে যাচ্ছে।
এছাড়া বর্জ্য দ্বারা দূষণ এবং কীটনাশক প্রয়োগ করায় জলজ দূষণ বেড়ে চলেছে।
এতে ব্যাহত হচ্ছে উভচর প্রাণীদের স্বাভাবিক জীবনযাপন প্রক্রিয়া। এদের অধিকাংশ প্রজাতি এখন বাংলাদেশে বিপন্ন হয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামগ্রিক প্রতিবেশব্যবস্থা।
এখনো যেসব উভচর প্রাণী টিকে আছে তাদের সংরক্ষণের জন্য প্রাকৃতিক আবাস নিশ্চিত করতে হবে। তবেই বিপন্ন উভচর প্রাণীরা রক্ষা পাবে, টিকে থাকবে পরিবেশ।







