নতুন বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ১৩ সদস্যের দল দিয়েছে নিউজিল্যান্ড। ঘরের মাঠের লড়াইয়ে ভারতের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট নেয়া আজাজ প্যাটেলকে রাখেনি তাসমান পাড়ের দেশটি।
কিউইদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন চোটে পড়ে নেই। নিউজিল্যান্ডের সবশেষ টেস্টেই বিশ্বরেকর্ড গড়া প্যাটেল পেয়েছেন বিশ্রাম।
চোটমুক্ত হয়ে ফিরছেন ডেভন কনওয়ে। পেসে ধার বাড়াতে ডাক পেয়েছেন আগের দুই টেস্ট না খেলা ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।
কোচ গ্যারি স্টেড বললেন, ‘উইলিয়ামসনকে না পাওয়া হতাশাজনক। তবে ল্যাথামের উপর আমার আস্থা আছে। কন্ডিশন আমাদের পরিচিত। ছেলেরা জানে তাদের কী করতে হবে। আজাজ প্যাটেলকে বিশ্রাম দেয়া হয়েছে। রাভিন্দ্রা ও মিচেল আশা করি আজাজের জায়গা নিবে।’
নববর্ষের প্রথমদিনে বে ওভালে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি। পরের ম্যাচ হ্যাগলি ওভালে, শুরু ৯ জানুয়ারি।
নিউজিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, রাচিন রাভিন্দ্রা, টিম সাউদি, রস টেলর, নিল ওয়াগনার, উইল ইয়াং।







