নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার রস টেলর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন। ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ব্যাট-প্যাড তুলে রাখবেন ৩৭ বছর বয়সী তারকা।
ঘরের মাঠ হ্যাগলি ওভালে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে নামবে কিউইরা। সেই ম্যাচই হবে টেলরের বর্ণালী ক্যারিয়ারের সমাপ্তিরেখা। সাবেক হয়ে যাওয়া ড্যানিয়েল ভেট্টরির পর দেশটির একমাত্র ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলা ব্যাটার ১১২ ম্যাচে প্রতিনিধিত্ব করার মধ্য দিয়ে অবসরে যাবেন।
কিউইদের পরের সিরিজ সাউথ আফ্রিকার সাথে। তারপর ৬টি একদিনের ম্যাচ আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেসব রেখেই অবসরের কথা জানিয়ে দিলেন টেলর।
‘এই ভ্রমণটা বেশ উপভোগ্য ছিল। সতীর্থদের সাথে দারুণ সময় পার করেছি। যেখানে অনেক কিংবদন্তির বিপক্ষে ম্যাচ খেলেছি। বিদায়বেলায় অনেক সুখস্মৃতি নিয়ে যাচ্ছি। সত্যি বলতে মাঠের ক্রিকেটকে মিস করবো ভীষণ।’
২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের ম্যাচে অভিষেক টেলরের। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নজয়ী ক্রিকেটার এপর্যন্ত ১১০ টেস্টে ৪৪ গড়ে ৭,৫৮৪ রান করেছেন, ১৯টি শতক রয়েছে। সর্বোচ্চ ইনিংসটি ২৯০ রানের। ক্যাচ নিয়েছেন ১৬১টি।
২৩৩ ওয়ানডেতে ৮,৫৮১ রান করেছেন ৪৮.২০ গড়ে, ২১ সেঞ্চুরি ও ৫১ ফিফটির মধ্যে সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ১৮১ রানের। ১০২ টি-টুয়েন্টিতে ১৯০৯ রান, সর্বোচ্চ ৬৩ দিয়ে।








