কর্পোরেট প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানের কার্যালয়ে সনাতনী হোয়াইটবোর্ডের বিকল্প হিসেবে আধুনিক প্রযুক্তির স্মার্ট ফ্লিপবোর্ড ‘স্যামসাং ফ্লিপ’ বাংলাদেশের বাজারে উন্মোচন করলো স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ।
স্যামসাং বলছে, ৫৫ ইঞ্চির ফ্লিপবোর্ডটি কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সহজ একটি কর্ম পরিবেশ করবে। সৃজনশীল চিন্তাভাবনা, ব্যবসায়িক উদ্ভাবন ও সমন্বয়ে গড়া ফ্লিপ স্টার্টআপ কোম্পানি, আর্টিস্ট ও ব্যবসায়ীদের সভায় কার্যপরিকল্পনা উপস্থাপনকে সহজ করবে।
নতুন ফ্লিপবোর্ড নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব বিজনেস (সিই এন্ড আইটি) শাহরিয়ার বিন লুতফর বলেন, “গতানুগতিক সাদা বোর্ডের একটি কার্যকরী বিকল্প হিসেবে কাজ করবে স্যামসাংয়ের এই ফ্লিপ বোর্ড। অফিসের মিটিং কিংবা প্রেজেন্টেশনের সময় আমাদের একটি বোর্ড অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। বর্তমানে বাংলাদেশে ব্যবসায় হোক কিংবা স্টার্টআপদের কথাই ধরা যাক, সব কিছুতেই আমূল পরিবর্তন এসেছে এবং এই ভাবনা মাথায় রেখেই উৎপাদনশীলতা বৃদ্ধিতে স্যামসাং নিয়ে এসেছে ফ্লিপ বোর্ড। আমরা আশা করছি খুব দ্রতই আমাদের এই ফ্লিপ বোর্ড জনপ্রিয়তা লাভ করবে”।
ইউএইচডি ডিসপ্লে সমৃদ্ধ ৫৫ ইঞ্চির স্যামসাং ফ্লিপ বোর্ডের মাধ্যমে মিটিং এর নোট নেয়া, অভ্যন্তরীন মেমরিতে ফাইল সংরক্ষণ করা, ব্যক্তিগত এবং গ্রুপ মেইল পাঠানো এবং ডিভাইস থেকে সরাসরি প্রিন্ট করার মত কাজগুলো করা যাবে। ফ্লিপ বোর্ডটির এনএফসি ও ওয়াইফাই সংযুক্তি থাকায় অফিস কিংবা বাসার ইন্টারনেট নেটওয়ার্কের সঙ্গে সহজেই যুক্ত করা যাবে।
স্যামসাংয়ের নতুন এই ফ্লিপ বোর্ড খাড়াভাবে কিংবা আনুভুমিকভাবে ব্যবহার করা যাবে। এটির বিল্ট-ইন ডিজিটাল কলমের মাধ্যমে নানান রং-এ, বিভিন্ন স্টাইলে নোট নেয়া সম্ভব। ফ্লিপে ৪ জন পর্যন্ত ব্যবহারকারী একসঙ্গে লিখতে পারবেন এবং শুধু নিজের হাত দিয়ে ভুল নোট মুছেও ফেলা যাবে।
ডিভাইসটির মূল্য ৩,৬০,০০০ টাকা এবং বাংলাদেশে স্যামসাংয়ের আইটি অংশীদার স্মার্ট টেকনোলজিস, ফ্লোরা এবং ফেয়ার ইলেক্ট্রনিক্সে পাওয়া যাচ্ছে।








