অস্ট্রেলিয়া টেস্ট দলের সফর নিয়ে নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশের দেওয়া আশ্বাসে অস্ট্রেলিয়া নিরাপত্তা দল সন্তুষ্ট বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সচিবালয়ে নিরাপত্তা ইস্যুতে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের নিরাপত্তা প্রধান শন ক্যারলের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কী নিরাপত্তা দেবো সেটা জানিয়েছি। তাতে তারা সন্তুষ্ট। আমরা আশা করি তারা আসবে। তবে সফরের ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান হাইকমিশন।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী’র সঙ্গে স্বরাষ্ট্র সচিব ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমূল হাসান পাপন, সহসভাপতি মাহবুব আনাম, র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়, তারা সব কিছু জেনেছেন এখন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে অস্ট্রেলিয়া থেকে।
বৈঠক শেষে বিসিবি সভাপতি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়েই বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ হবে।
বৈঠক শেষে অস্ট্রেলিয়ান হাইকমিশনার জানিয়েছেন, বৈঠকের আলোচনার বিষয়বস্তু অস্ট্রেলিয়ান সরকার ও ক্রিকেট কর্তৃপক্ষকে জানানো হবে। তারপর বাংলাদেশে অস্ট্রেলীয় ক্রিকেট দল আসবে কী আসবে না সে ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে।’
এর আগে ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকি বিষয়ে শুধু বাংলাদেশ নয়, পুরো এশিয়া মহাদেশ নিয়েই তাদের শঙ্কার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সোমবার ঢাকায় পৌঁছার কথা ছিলো টিম-অস্ট্রেলিয়ার। কিন্তু শনিবার সন্ধ্যায় ক্রিকেটারদের ‘নিরাপত্তা-ঝুঁকির’ কথা বলে সে সফর পিছিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।






