নারীর ক্ষমতায়নে বাংলাদেশের কাছ থেকে বিশ্ববাসীকে শেখার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। পেরুতে বিশ্বব্যাংক-আইএমএফ’র বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থাটির প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেছেন, ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা এবং নারীর জন্য ঋণপ্রাপ্তি সহজ করে বাংলাদেশের অর্থনীতিক উন্নয়ন অনুসরনীয়। অর্থনীতিতে নারীর অংশগ্রহন বৃদ্ধির ধারা অব্যাহত রেখেই প্রায় ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে মন্তব্য তার।
প্রায় ৫ দশক পর দক্ষিণ আমেরিকায় বিশ্বব্যাংক-আইএমএফ’র বার্ষিক সম্মেলন। পেরুর রাজধানী লিমায় উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট ওলান্টা হুমালা ১’শ ৮৮ টি সদস্য দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং অন্য অতিথিদের স্বাগত জানান। সম্মেলনে বাংলাদেশ থেকে আসা ১২ সদস্যদলের নেতৃত্ব দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্যকে বিদায় জানাতে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ’র ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্ড অর্থমন্ত্রী এবং গভর্নরদের মনে করিয়ে দেন, কেবল সামষ্টিক অর্থনীতিতে ভালো করাই শেষ কথা নয়, অর্থনীতিতে যেনো মানবিকতাই মূখ্য হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর জলবায়ু তহবিল সম্পর্কিত অর্থমন্ত্রীদের বৈঠকে ছিলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। কথা বলেন ফ্রান্সে আসন্ন জলবায়ু সম্মেলনে কার্বন নিঃসরন কমানোর ব্যাপারে ঐক্যমতের বিষয়ে।
গুনগত শিক্ষা নিয়ে এক আলোচনায় অতিথি ছিলেন বাংলাদেশের অর্থমন্ত্রী। সামাজিক উন্নয়নে বাংলাদেশের অগ্রগতির গল্প শুনিয়েছেন তিনি। অর্থমন্ত্রী বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়নে বিনিয়োগ বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।






