শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টের মাইলফলকের ম্যাচে টস ভাগ্য হাসেনি। টাইগার অধিনায়ক মুশফিকুর রহিমকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ। সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচে একাদশে ওলট-পালট করে নেমেছে টাইগাররা।
পি. সারায় প্রথম টেস্টের একাদশ থেকে চারটি পরিবর্তন এনে মাইলফলকের ম্যাচে নেমেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ স্কোয়াডে না থাকায় ইমরুলের ঢুকে পড়া নিশ্চিতই ছিল। চমক হয়ে এসেছে মুমিনুলের বাদ পড়া। একাদশে নেই তাসকিন ও চোটে পড়া লিটন দাস।
তাদের জায়গায় ঢুকেছেন সাব্বির, তাইজুল ও সৈকত। তবে মোসাদ্দেক হোসেন সৈকতের বিষয়টি ব্যতিক্রম, টেস্ট অভিষেক হলো এই তরুণ অলরাউন্ডারের।
চোটের কারণে ছিটকে পড়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটনের জায়গায় কিপিংয়ের দায়িত্বে ফিরছেন অধিনায়ক মুশফিক।
১৮৭৭ সালের ১৫ মার্চ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মেলবোর্নে টেস্ট ক্রিকেটের জন্ম হয়েছিল। ১৪০ বছর পর এই স্মরণীয় দিনটিতেই কলম্বোতে আজ নিজেদের শততম টেস্ট ম্যাচ খেলতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ।
শততম টেস্ট ম্যাচে বাংলাদেশের একাদশ:
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশীষ রায় ও মুস্তাফিজুর রহমান।









