“বাংলাদেশের আদালত স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন। সরকার কোন হস্তক্ষেপ করছে না। সরকারের অনেক মন্ত্রী, এমপি ও ছাত্রলীগ সংগঠনের অনেক নেতাকর্মীও কারাগারে রয়েছে।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমন মন্তব্য করেছেন।
শনিবার দুপুরে সাভারের হেমায়েতপুরে হেমায়েতপুর-মানিকগঞ্জ সিংগাইর আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসময় আরও বলেন, যদি আদালত স্বাধীন না হতো তাহলে খুনের মামলায় আওয়ামী লীগের এমপি কারাগারে থাকতো না। আদালতের স্বাধীনতায় সরকারের কোন হস্তক্ষেপ নেই।
“বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার কী সাজা হবে, এটা আদালতের এখতিয়ার। সাক্ষ্য প্রমাণ ও তথ্য প্রমানের ভিত্তিতে আদালত সিদ্ধান্ত নেবে। এখানে সরকারের কোন হাত নেই।”
আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবে ঢাকার পঞ্চম জজ আদালত। বিএনপি-জামায়াত জোটের ২০০১-২০০৬ মেয়াদের সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের এ মামলার প্রধান আসামি।
অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় খালেদা জিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সেক্ষেত্রে তিনি আগামী নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হয়ে পড়বেন।
বিএনপি আদালতকে হুমকি দিচ্ছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, আদালত কী রায় দেবে সেটাতো বিএনপি বলে দিচ্ছে। বলছে, আদালত বেগম জিয়াকে সাজা দেবে, এটা পূর্ব পরিকল্পিত। তা হলে মির্জা ফখরুল কিভাবে জানলো। তা হলে বিএনপি আদালতকেও হুমকি দিচ্ছে।
“আদালতের রায়ও বিএনপি মানে না। তারা কার বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিচ্ছে। আদালতের বিরুদ্ধে যারা হুমকি দিতে পারে, আমরা মনে করি তাদের হাতে দেশ ও গণতন্ত্র বিচার ব্যবস্থা কোনটাই নিরাপদ নয়।”
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির তৎপরতার সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “নির্বাচনের আগেই বিএনপি নির্বাচনে জিততে চায়। ২০১৩/১৪ সালের মত নির্বাচনের নামে বিএনপি যদি জ্বালাও-পোড়াও করতে চায় তাহলে জনগনেই তাদের প্রতিহত করবে।”
আওয়ামী লীগে কোন অনুপ্রবেশকারী নেই জানিয়ে মন্ত্রী বলেন, সংসদ নির্বাচনে তিন মাস পর পর জরিপ হচ্ছে। যে ব্যক্তি জরিপে এগিয়ে থাকবে তাকেই মনোনয়ন দেওয়া হবে।
“আগামী রাষ্ট্রপতি নির্বাচনে দল ও দেশের কাছে যে ব্যক্তি গ্রহণযোগ্য তাকেই রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে।”
ফেব্রুয়ারির ১৮ তারিখ ভোটের দিন রেখে বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
মন্ত্রীর সাথে এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ সড়ক ও জনপদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।








