ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ওয়েবসাইট বাংলাদেশি হ্যাকারদের হাত থেকে উদ্ধার করা হয়েছে। সাইবার সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স (সিএসআই) নামের বাংলাদেশের একটি গ্রুপ কোহলির অফিশিয়াল সাইট ‘হ্যাক’ করেছিল।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এশিয়া কাপের ফাইনালে লিটন দাসের আউট বাংলাদেশের পক্ষে না যাওয়ায় হ্যাকাররা প্রতিবাদ হিসেবে কোহলির সাইট হ্যাক করে।
সিএসআই সাইটটির পুরো দখল নিতে ব্যর্থ হয়। তারা শুধুমাত্র গ্যালারি সেকশনটি হ্যাক করে সেখানে লিটন দাসের স্টাম্পিংয়ের কয়েকটি ছবি জুড়ে দেয়।

ছবির সঙ্গে একটি বার্তায় লেখা আছে, ‘প্রিয় আইসিসি, ক্রিকেট তো ভদ্রলোকের খেলা ছিল? সব দলের কি সমান অধিকার থাকা উচিত নয়? দয়া করে ব্যাখ্যা করুন এটা কী ছিল। যদি আনুষ্ঠানিকভাবে আপনারা গোটা পৃথিবীর কাছে ক্ষমা না চান এবং ওই আম্পায়ারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন, তাহলে যতবার সাইট ঠিক করবেন, ততবার হ্যাক করা হবে।’
এশিয়া কাপের ফাইনালে ব্যক্তিগত ১২১ রানে মহেন্দ্র সিং ধোনির স্টাম্পিংয়ের শিকার হন লিটন। রিপ্লেতে দেখা গেছে, লিটনের পা লাইনে ছিল। আবার কখনো সেটি মনে হয়, যখন লাইট জ্বলছে তখন পা লাইন চুল পরিমাণ ক্রস করেছিল। আইসিসির নিয়মানুযায়ী, লাইনের উপরে পা থাকলে ব্যাটসম্যান আউট হবেন। আর যদি একটুও ভেতরে থাকে তবে নটআউট। লিটনের ক্ষেত্রে কোনটি হয়েছিল সেটি নিয়েই বিতর্ক। বাংলাদেশি সমর্থকদের দাবি, তৃতীয় আম্পায়ার রড টাকার ‘বেনিফিট অব ডাউট’র নিয়মে লিটনকে নটআউট ঘোষণা করতে পারতেন।










