তামিম, সৌম্য, ইমরুল, মুমিনুল, সাকিব। চট্টগ্রাম টেস্টের দিকে তাকালে প্রথমেই মনে আসবে শুরুর চারজন সাজঘরে ফিরে গেছেন, শেষের জন এখনও লড়ে যাচ্ছেন। আরেকটি জিনিসও মনে আসতে পারে, তারা ৫ জনই বাঁহাতি। সেটাই দারুণ এক রেকর্ডের পাশে বসিয়েছে বাংলাদেশকে!
টেস্ট ইতিহাসে ব্যাটিং পজিশনের ক্ষেত্রে টানা পাঁচ বাঁহাতি ব্যাটসম্যানের উইকেটে আসার ঘটনা এটি মাত্র তৃতীয়বার। এটিই রেকর্ড, প্রথম পাঁচ জনই বাঁহাতি, বাংলাদেশের প্রথম।
সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে মুশফিক ব্যাটিং নিলে উদ্বোধন করতে আসেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। তামিম সাজঘরে ফিরলে যোগ দেন ইমরুল কায়েস। ইমরুল ফিরলে সৌম্যর সঙ্গী মুমিনুল হক। এরপর প্রতিরোধ গড়ে ফিরে যান সৌম্য, তখন ক্রিজে আসেন সাকিব আল হাসান। সেটাই টপে পাঁচ বাঁহাতির চক্র পূর্ণ করে দেয়।
টেস্টে শুরুর পাঁচ ব্যাটসম্যানই বাঁহাতি, এমন ঘটনা ক্রিকেটবিশ্ব প্রথম দেখে শ্রীলঙ্কার সৌজন্য, ২০০২ সালে। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে প্রতিপক্ষ ছিল এই বাংলাদেশই। মাইকেল ভ্যানডর্ট ও জিহান মুবারক উদ্বোধন করতে আসার পর একে একে ক্রিজে এসেছিলেন নাভিদ নওয়াজ, হাসান তিলকারত্নে, সনাৎ জয়সুরিয়া।
দ্বিতীয় ঘটনাটির সঙ্গেও জড়িয়ে শ্রীলঙ্কার নাম। ২০১০ সালে পাল্লেকেলে টেস্টে লঙ্কানদের প্রতিপক্ষ হয়ে টপে পাঁচ বাঁহাতির পসরা সাজিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনীতে ক্রিস গেইল ও ডেভন স্মিথ আসেন। পরে একে একে ২২ গজের পথ ধরেন ড্যারেন ব্রাভো, শিবনারায়ণ চন্দরপল, ব্রেন্ডন ন্যাশ।
ছবি: সাকিব উল ইসলাম







