সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগ। সুনামির উৎপত্তি মূলত ভূমিকম্প থেকে। যদি সমুদ্রপৃষ্ঠে রিখটার স্কেলে ৬ মাত্রার বেশি ভূমিকম্প হয় তবেই সুনামি হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের পর সাধারণত সুনামি হয় এবং সমুদ্রের তলদেশের টেকটোনিক প্লেট উল্লম্বভাবে সরে যায়। গত ২৮ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার দ্বীপ সুলাওয়েসিতে রিখটার স্কেলে ৭.৫ মাত্রার ভূমিকম্প হয়, যা বিশ্বের সবচেয়ে বড় ও ভয়াবহ ভূমিকম্পের তালিকার অন্তর্ভুক্ত। তবে আতঙ্ক ও বিপদ বেড়ে যাওয়ার মূল কারণ ছিল এই ভূকম্পনের ফলে সুনামির ধেয়ে আসা। সুনামির ফলে ৬ মিটার উঁচু ঢেউ ঘণ্টায় ৮০০ কিলোমিটার বেগে আঘাত হানে সুলাওয়েসির শহর পালুতে। ২০১৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ৫ নভেম্বরকে বিশ্ব সুনামি সচেতনতা দিবস হিসাবে ঘোষণা করা হয়। দিবসটি পালনের পরিকল্পনা আসে জাপান থেকে।






