দেশের অন্যতম নাট্য সংগঠন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট-ময়মনসিংহের অঙ্গসংগঠন বহুরূপী নাট্য সংস্থায় রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সকল সামাজিক সাংস্কৃতিক কর্মীরা।
বুধবার টাউন হল বহুরূপী কার্যালয়ের সামনে সাংস্কৃতিক কর্মীরা প্রতিবাদ জানান। তারা বলেন, জঙ্গিবাদের ছোবল যখন জীবনকে দুর্বিষহ করে তুলছে, সরকার, সুশীল সমাজ, বুদ্ধিজীবীমহল সবাই সমস্বরে বলছেন, জঙ্গিবাদকে প্রতিহত করতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই, তখনও সংস্কৃতিচর্চার পথকে রুদ্ধ করে দিতে প্রত্যক্ষ ও পরোক্ষ নানা আয়োজন চলছে।
প্রতিবাদ সমাবেশে সাংস্কৃতিক কর্মীরা জানান, এর অংশ হিসেবে ঈদের দিনের উৎসবের সময়েও ময়মনসিংহের অন্যতম অঙ্গসংগঠন বহুরূপী নাট্য সংস্থার মতো বাংলাদেশের একটি প্রতিনিধিত্বশীল নাট্য সংগঠনে আগুন লাগানো হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট-ময়মনসিংহের পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করা হয়েছে এবং অগ্নি সংযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

সভায় আগামী ১৯ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে দশটা থেকে এগারোটায় টাউন হলে উপস্থিত থেকে ময়মনসিংহের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ডিআইজি পুলিশ বরাবরে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন।
মঙ্গলবার ঈদের দিন ময়মনসিংহের ঐতিহ্যবাহী প্রাচীন নাট্য সংগঠন বহুরূপী নাট্যসংস্থায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে সংগঠনের সচিবের কক্ষসহ সংগঠনের সমস্ত মূল্যবান দলিল, নাটকের স্ক্রিপ্ট, অডিও ভিডিও ডকুমেন্টস এবং বেশকিছু আসবাবপত্র পুড়ে যায়।







