সংকট নিরসনে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আবারো সংলাপের আহ্বান জানিয়ে বেগম খালেদা জিয়া বলেছেন, বল এখন সরকারের কোর্টে। তিনি আশা করছেন, সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করবে সরকার।
বিএনপির কাউন্সিলের ১১ দিন পর ২০ দলীয় জোটের শরীক ইসলামী ঐক্যজোটের সম্মেলন। সেখানেও প্রধান অতিথি জোটের নেতৃত্ব দেয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বক্তৃতায় তিনি বলেন, কাউন্সিলের পর বিএনপি পুনর্গঠিত হচ্ছে। তবে রাজনৈতিক সংকট নিরসনে আবারও সরকারকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
বিএনপি চেয়ারপারসন বলেন, সরকার সংঘাতের পথ ছেড়ে সংলাপের পথে সমস্যার সমাধান করবে বলে আশা করি। দেশের চরম সংকট উত্তরণে তিনি এ সম্মেলন থেকে সম্মানিত আলেম সমাজকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান।
নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আপনারা জানেন দেশের আজ কী অবস্থা। গণতন্ত্র নেই। জনগণের সরকার নেই। সুশাসন নেই। সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। সবখানে নৈরাজ্য। আইনশৃঙ্খলার সীমাহীন অবনতি ঘটেছে। কারও কোনো নিরাপত্তা নেই।
‘জাতীয় অর্থনীতি ছত্রখান হয়ে গেছে। শেয়ারবাজার ও ব্যাংকগুলো লুট হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকেও জনগণের অর্থসম্পদ নিরাপদ নয়। ডিজিটাল ডাকাতি করে সে অর্থ লুটে নিয়ে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলা হচ্ছে। সাধারণ মানুষ রয়েছে সীমাহীন দুঃখ-দুর্দশায়। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হত্যা, নারীর সম্ভ্রম হরণ, দুর্নীতি, লুণ্ঠন অতীতের সব সীমা ছাড়িয়ে গেছে। শিক্ষাব্যবস্থা বিপর্যস্ত। তরুণেরা বিপথগামী হচ্ছে’
খালেদা জিয়া বলেন, ‘ভিনদেশি সংস্কৃতির আগ্রাসনে আমাদের জাতীয় সংস্কৃতি বিপন্ন। আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় ক্ষমতাসীনদের কোনো উদ্যোগ নেই। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে বিচ্ছিন্ন ও বন্ধুহীন করে ফেলা হয়েছে। বন্ধুত্বের বদলে গোলামির পথ বেছে নিয়ে শাসকেরা তাদের গদি রক্ষায় ব্যস্ত।’
ইসলামি ঐক্যজোটের সম্মেলনের শুভ কামনা জানিয়ে সন্ত্রাস এবং জঙ্গিবাদ রোধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বেগম খালেদা জিয়া।







