বর্ষায় হামহাম ঝর্না ভ্রমণ

প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া হামহাম জলপ্রপাতের সৌন্দর্য বহুগুণে বেড়ে যায় বর্ষায়। সেই সৌন্দর্য উপভোগের পাশাপাশি দুর্গম পথের রোমাঞ্চকর ভ্রমণের অভিজ্ঞতা নিতে যান পর্যটকরা। সাথে বাড়তি আকর্ষণ হিসেবে আছে কিছুটা অচেনা সিতাপ ঝর্না।
শ্রীমঙ্গল থেকে চাঁদের গাড়িতে যাত্রা শুরু। আঁকাবাঁকা পথের দু’পাশের সবুজ চায়ের বাগান। সে পথ পেরিয়ে কলাবন। রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভেতর দিয়ে রোমাঞ্চকর ভ্রমণের শুরু। দু’পাশে সবুজ পাহাড় আর ঘন জংগলের মাঝে আঁকাবাঁকা উঁচুনিচু পথে গাইডের নির্দেশনা অনুযায়ী এগিয়ে চলা।
দুর্গম পাহাড়ী পথে আছে জোঁকের ভয়। প্রায় দু’ঘণ্টা হাঁটা শেষে খাড়া টিলা থেকে নিচে নামা। দেখা মেলে ঝিরি পথের। এগোতে থাকলে দূর থেকে ভেসে আসে হাম হাম জলপ্রপাতের শব্দ।
বর্ষায় কিছুটা ডুবে থাকা পাথরে সাবধানে পা দিয়ে এবং কখনও কোমর সমান পানি পার হয়ে এগিয়ে গেলে দেখা মেলে প্রাকৃতিক এ জলপ্রপাতের। হামহাম বা হাম্মাম কিংবা চিতা ঝর্না প্রতি বর্ষায় ফিরে পায় পূর্ণ যৌবন।
উঁচু থেকে প্রবল গতিতে অবিরাম গড়িয়ে পড়া পানিতে আত্মহারা পর্যটকরা। কিছুটা সময় হামহামের সৌন্দর্য্য উপভোগ করে আবারও ঝিরি পথে চলা শুরু। পাহাড়ী পথ পার হয়ে খানিক্ষণ বিশ্রাম।
তারপর আবারও চলা শুরু। এবার দেখা মেলে দুর্গম পাহাড়ের গহীনে থাকা সিতাপ ঝর্নার। সেখান থেকে কাদাযুক্ত মেঠো দিয়ে ফিরতে সময় চলে যায় আড়াই ঘণ্টা।



