বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ৩ শিশু।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে ওই উপজেলার মাঝের চর ও খাজুরিয়া মধ্যবর্তী নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো মাহিনুর বেগম (৫৫) ও তার মেয়ে নসরিন বেগম (২৫)।
নৌ পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার এক ব্যক্তির জানাযায় অংশ নিতে স্বজনরা ট্রলারে করে মাঝের চর থেকে খাজুরিয়া যাচ্ছিলো। ট্রলারে মোট ২৫ জন যাত্রী ছিলো। যাত্রাপথে ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় নদীর অদূরে থাকা কোস্টগার্ডের ট্রলার এবং জেলেরা বেশীরভাগ যাত্রীদের জীবিত উদ্ধার করে। একই সময়ে তারা মা ও মেয়ের লাশ উদ্ধার করে। এই দুর্ঘটনায় এখনও ৩ শিশু নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে স্বজনরা।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং নৌ পুলিশ সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে বলে জানিয়েছেন বরিশালের নৌ পুলিশ সুপার মো. কফিল উদ্দিন।








