দীর্ঘস্থায়ী বন্যায় গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন গো-চারণ ভূমির জন্য খ্যাত সিরাজগঞ্জের শাহ্জাদপুরের খামারিরা। দীর্ঘদিন পানি আটকে থাকায় ওই এলাকায় গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে।
শাহজাদপুরের কয়েক’শ খামারের সাত লাখ গবাদি পশু থেকে প্রায় দু’লাখ লিটার দুধ উৎপন্ন হয়। দেড় মাস স্থায়ী বন্যার কারণে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। কাঁচা ঘাস সমৃদ্ধ গো-চারণ ভূমি পানিতে তলিয়ে যাওয়ায় একদিকে বেড়ে গেছে গো-খাদ্যের দাম। অন্যদিকে গরু শুকনো খাবার খাওয়ার কারণে কমে গেছে দুগ্ধ উৎপাদন।
দীর্ঘদিন মাঠে বিচরণ না করে খামারে আটকে থাকায় গরুর শরীরে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। সঠিক সময়ে চিকিৎসা দেয়াও সম্ভব হচ্ছে না। জরুরি মেডিকেল টিম গঠনের পাশাপাশি খামারিদের পরামর্শ দেয়ার কথা জানিয়েছে জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর।
সিরাজগঞ্জ জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আখতারুজ্জামান ভূইয়া বলেন, গরুকে উঁচু জায়গায় রাখতে হবে, দানাদার খাদ্য দিতে হবে। এবং বিশুদ্ধ পানি খাওয়াতে হবে। বন্যার সময় মেডিকেল টিম গঠন করে দিয়েছি।
শাহ্জাদপুর উপজেলার ২০টি দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির প্রায় ৫০ হাজার গবাদি পশু দেড় মাস ধরে পানিতে আটকে আছে।







