দেশের অন্তত ১৩ জেলায় ভয়াবহ বন্যার কারণে পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। পার করছে মানবেতর জীবন। বন্যার্তদের ত্রাণ ও সহায়তা দিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংকট মোকাবিলায় জরুরি সেবা ও সরকারি উদ্যোগকে সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছে বোর্ড।
ক্রিকেটাররা ব্যক্তিগত উদ্যোগেও সহায়তায় নেমেছেন বলে জানা গেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ উল্লেখ করেন, ‘অন্যদের মতো আমরাও বর্তমান বন্যায় ক্ষতিগ্রস্তদের নিয়ে চিন্তিত। এই কঠিন সময়ে দেশের মানুষের সহায়তায় পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমরা ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছি এবং বন্যার্ত মানুষকে পুনরুদ্ধার ও পুনর্নির্মাণের জন্য আমরা যে কোনো সহায়তা করতে চাই।’
তিনি আরও বলেন, ‘এই চ্যালেঞ্জিং মুহূর্তে দেশকে সমর্থন করার জন্য বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ এবং এ কাজে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সমন্বয় অব্যাহত থাকবে। এ অবস্থায় আমরা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’








