রাজধানীর বহুতল ভবনগুলোতে বিল্ডিং কোড মানা হয়েছে কিনা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা ও অগ্নিকাণ্ডের সময় দ্রুত বের হয়ে আসার ব্যবস্থা আছে কিনা তা নির্ধারণে একটি কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
রাজধানীর বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ার পরিদর্শনে গিয়ে শুক্রবার সকালে তিনি এসব কথা বলেন।
এর আগে বনানীতে আগুনে পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের ভেতরে আহত বা মৃত আরও কেউ আছে কিনা জানতে সকাল থেকে তল্লাশি শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি টিম তল্লাশি কাজ করছে। তারা পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের প্রতি তলায় তল্লাশি চালিয়ে দেখবে কেউ এখনও আটকে আছে কিনা, বা আর কোন মৃত দেহ পাওয়া যায় কিনা।
এই ভবনের তিনটি লিফট আছে, বন্ধ থাকলে ভেঙে দেখা হবে ভেতরে কেউ আছে কিনা। এরপরই নিহতের সংখ্যা জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর ১৭ নম্বর রোডের ওই ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।
এ ঘটনায় এখনও পর্যন্ত আগুনে ২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ।
আগুনের ঘটনায় বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন কমপক্ষে ৭০ জন। উদ্ধার কার্যক্রম এখনও চলছে। ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৬ সদস্যের এবং দূর্যোগ মন্ত্রণালয় ৯ সদস্যের কমিটি গঠন করেছে।
এ ঘটনায় বনানীতে ঘটনাস্থলের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে উদ্ধার কার্যক্রম পরিদর্শন শেষে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। অনুমোদনহীন সকল ভবন ভেঙে ফেলার কথা জানিয়েছেন তিনি।
ছবি: সাকিব উল ইসলাম







