বছরের সবচেয়ে বাজে চলচ্চিত্রের অপবাদ পেল অস্কারজয়ী জেনিফার লরেন্সের ‘মাদার’ ছবিটি। সমালোচকরা মোটেও ছেড়ে কথা বলেন নি ছবিটি নিয়ে। অনেকের কাছে বেশ দুর্বোধ্য ঠেকছে পুরো ছবিটি। অনেকেই আবার বলেছেন, এমন একটি সিনেমা দেখা ঘোর দুঃস্বপ্নের সমান।
মাত্র ২৭ বছর বয়সেই দু’দুটো অস্কার ঘরে তুলেছেন জেনিফার লরেন্স। সবচেয়ে বেশী পারিশ্রমিক নেয়া অভিনেত্রীদের তালিকাতেও তার নাম। অথচ তার ছবির নামেই কী-না এমন দুর্নাম!
কিন্তু কেন এমন অপবাদ ছবিটির নামে? মূলত পরিচালক ড্যারেন অ্যারোনোফিস্ক ছবিটিতে যে অদ্ভুত এক ভৌতিক গল্পের ফাঁদ পেতেছেন তাতে মন ভরেনি সমালোচকদের। সিনেমাটিতে চরিত্রগুলোর কোন নাম দেয়া হয় নি।
এমনকি জেনিফারকে ‘ মাদার’ বলেই সম্বোধন করা হয়েছে এখানে।
শিকাগো সান-টাইমসের চলচ্চিত্র সমালোচক রিচার্ড রোপারের মতে, জেনিফার লরেন্সের ভালো পারফরম্যান্সের সত্ত্বেও, পরিচালক ড্যারেন অ্যারোনোফিস্ক ছবিটিতে আসলে কি বোঝাতে চাচ্ছেন সেটি পরিস্কার নয়। তার মনে হয়েছে ছবিটি বাইবেলের একটি অংশ নিয়ে উপহাস করেছে।
যদিও ছবিটিতে তারকাদের কোন অভাব নেই। আছেন হেভিয়ার বারদেম, এড হ্যারিস ও মিশেল পাইফারের মত তারকারা। তবুও গতানুগতিক ধারার এতোটা বাইরে আসাটা সহজে হজম করতে পারছেন না কেউ। আর তাই ছবিটির কপালে জুটেছে বছরের সবচেয়ে বাজে ছবির অপবাদ।
ডেইলি মেইল।







