অনলাইন বুকশপ ‘বাংলাবই’ ও ‘চ্যানেল আই অনলাইন’ মিলে বছরব্যাপী আয়োজন করছে “বাংলা বই-চ্যানেল আই অনলাইন সেরা পাঠক-২০১৮” প্রতিযোগিতা।
২০১৮ সালে প্রকাশিত যেকোনো বইয়ের উপর রিভিউ লিখে প্রতি ১৫ দিন পর পর অর্থাৎ মাসে দুইজন সেরা রিভিউ লেখক জিতে নেবেন বাংলাবইয়ের সৌজন্যে এক হাজার টাকার গিফট ভাউচার যা দিয়ে পাঠক বাংলাবই থেকে তার পছন্দের এক হাজার টাকার বই কিনতে পারবেন।
সোমবার চ্যানেল আই কার্যালয়ে বাংলাবই ও চ্যানেল আই অনলাইনের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারকে সই করেন চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার (রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) তাহমিনা শারমিন রুমকী এবং বাংলাবইয়ের ম্যানেজিং পার্টনার মিজান চৌধুরী।
সেসময় চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান, ডিজিটাল অ্যান্ড মাল্টিমিডিয়া এডিটর তৌফিক আহমেদ এবং ইনপুট এডিটর ফাহমিদা আখতার উপস্থিত ছিলেন।
আয়োজন প্রসঙ্গে মিজান চৌধুরী বলেন, ‘এটি একটি পাক্ষিক প্রতিযোগিতা। ১৫ দিন পর পর একজন করে সেরা পাঠক নির্বাচন করা হবে। এভাবে মাসে দুইজনকে এক হাজার করে মোট দুই হাজার টাকার গিফট ভাউচার দেওয়া হবে। যে ভাউচার দিয়ে পাঠক বাংলাবই থেকে পছন্দের যেকোনো বই কিনতে পারবেন। প্রতি মাসের ১৫ তারিখ রাত ১২ টা এবং ৩০/৩১ তারিখ রাত ১২ টা পর্যন্ত রিভিউ মেইল করতে হবে।
রিভিউ পাঠানোর ঠিকানা: [email protected]. সঙ্গে অবশ্যই রিভিউ লেখকের নাম, ছবি ও মোবাইল নম্বর পাঠাতে হবে।
মিজান চৌধুরী বলেন, বাংলাবই ও চ্যানেল আই অনলাইনের এই আয়োজনের মাধ্যমে পাঠক আরও বেশি বই পড়ায় আগ্রহী হয়ে উঠবে বলে আমরা আশা করি।
তাহমিনা শারমিন রুমকী বলেন, ‘বইমেলার মাস ফেব্রুয়ারি জুড়ে চ্যানেল আই অনলাইন ও রকমারি ডটকম মিলে “সেরা পাঠক-২০১৮” নামে একটি প্রতিযোগিতার আয়োজন করে। এর মাধ্যমে প্রতি সপ্তাহে দুইজন পাঠককে ১,৫০০ টাকার বুক কুপন উপহার দেওয়া হয়। পাঠকদের বিপুল আগ্রহের ভিত্তিতে চ্যানেল আই অনলাইন বছরব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করার কথা ভাবতে থাকে। এই সময়ে এগিয়ে আসে বাংলাবই। আশা করি বইমেলার মতো এই আয়োজনও পাঠকদের মাঝে সাড়া ফেলবে এবং পাঠককে বই পড়ায় উৎসাহিত করবে।’
বিচারকমণ্ডলী সেরা লেখা বাছাই করার পর রিভিউ লেখককে পুরষ্কার দেওয়ার পাশাপাশি সেরা লেখাটি চ্যানেল আই অনলাইনে প্রকাশ করা হবে।
বছর শেষে বড় পরিসরে সেরা পাঠক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা আছে বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।







