ভারত থেকে বানের পানিতে জুন মাসের ২৮ তারিখে ভেসে আসা হাতি ‘বঙ্গ বাহাদুর’ মঙ্গলবার সকালে জামালপুরে মারা যায়। হাতিটির খবর নিয়ে দীর্ঘ প্রায় ৫০ দিন দেশবাসীর গভীর আগ্রহের অবসান ঘটা এই মৃত্যুতে ফেসবুকে দুদিন আগে এবং আজ লেখা দুটি কবিতার সমন্বয়ে একটি পোস্ট দিয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের নিউজ এডিটর আদিত্য শাহীন।
হাতিটির দুটি ছবিসহ আদিত্য শাহীন তার পোস্টে লিখেন,
“বঙ্গ বাহাদুর
হুশ ফিরেছে অবশেষে পালিয়ে আসা হাতির
বিলম্বেতে তার সঙ্গে জমাতে পারো খাতির
ভারত থেকে জলের তোড়ে এসছে ভেসে সে
(নাকি) ইচ্ছে করেই পেরিয়ে বর্ডার একটু ফেসেছে
বুনো হাতির যমপেশ শখ জেলায় জেলায় ঘোরা
নদীর পাড়ে সবুজ ক্ষেতে সবকিছু আনকোরা
হাজার মানুষ দেখবে হাতি নদীর পাড়ে গোল
দিনের পরে দিন পেরুলো সারাদেশে রোল
টিভি করে লাইভ খবর কোথায় যাবে হাতি
ভারত থেকে দল এসেছে সঙ্গে ওষুধপাতি
প্লেনে যাবে কেউবা ভাবে বিরাট কোনো গাড়ি
ঐরাবতের শক্তিও ঢের ধরছে কেমন আড়ি
অবশেষে ভারতের দল মেনে গেল হার
কস্মিকালেও ফিরবে না এ মস্ত হাতি আর
থেকেই যাবে এই দেশে সে স্বপ্ন বাকি দিন
এই না ভেবে বশ হলো আজ যা ছিল কঠিন।
সেই হাতিটিই নাম পেয়েছে বঙ্গ বাহাদুর
আনন্দেতে নাচছে এখন উচিয়ে তুলে শুর।
(১৪ আগস্ট ২০১৬)
দুই.
কি যে হলো কেউ জানে না হাতিটি আর নেই
নদীর পাশে নিথর দেহে হারিয়ে সকল খেই
ঘুমিয়ে গেছে কয়েকদিনে দেশ জাগানো স্বজন
বঙ্গবাহাদূরের শোকে কাতর হবে কজন?
(১৬ আগস্ট ২০১৬)”






