আগামী ১৯ মার্চ থেকে শুরু হচ্ছে আট জাতির দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট ২০২২। টুর্নামেন্টের পর্দা নামবে ২৪ মার্চ।
এবারের আসরে ইউরোপ থেকে ইংল্যান্ড, আফ্রিকা মহাদেশ থেকে কেনিয়া ও এশিয়া মহাদেশের ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।
অংশগ্রহণকারী দলগুলো আগামী দুই-একদিনের মধ্যে ঢাকায় পৌঁছাবে। ১৮ মার্চ ম্যানেজার সভায় অংশগ্রহণকারী দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হবে। পরদিন শুরু হবে আসর।
চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়ান গেমস। চীনের এশিয়ান গেমসের আগে এই টুর্নামেন্টকে একটা প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক তুহিন তরফদার।








