বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাত শতাধিক দুর্লভ আলোকচিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন ফটো সাংবাদিক ইয়াসিন কবির জয়। ছবিগুলোর মধ্যে প্রায় চারশ ছবিই অপ্রকাশিত। সোমবার রাতে গণভবনে ছবিগুলো পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী।
সেসময় প্রধানমন্ত্রী বলেন, এই দুর্লভ ছবির সম্ভার থেকে জাতির পিতাকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রকাশিতব্য গ্রন্থে ছবি ব্যবহার করা যাবে।
ফোকাস বাংলার ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন কবির জয়ের দেয়া ছবিগুলোর মধ্যে ৪৯৩টি আলোকচিত্রের প্রিন্ট কপি এবং আগে হস্তান্তর করা ২২৬ কপি ছবির প্রিন্ট কপিসহ মোট সাতশতাধিক ছবির সফটকপি রয়েছে।
সেসময় প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সঙ্গে সংযুক্ত বাসসের সিনিয়র ফটো সাংবাদিক সাইফুল ইসলাম কল্লোল বঙ্গবন্ধুর দুই কন্যার সংগৃহিত দুর্লভ কিছু ছবি, হাঙ্গেরি ও সৌদি আরব সফরের দুইটি ছবির অ্যালবাম প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
সম্প্রতি প্রধানমন্ত্রীর ফরিদপুর সফরের একটি অ্যালবাম ও ড. ওয়াজেদ মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জয়ীতা প্রকাশনী থেকে প্রকাশিতব্য গ্রন্থ ‘স্মৃতিসুধা’র কপিও প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন ইয়াসিন কবির।
আয়োজনে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন, এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল শফিক রহমান ও প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।







