ভারতের পশ্চিমবঙ্গের রামপুরহাটের বগটুই-কাণ্ডকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় উত্তেজনা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
সোমবার এ ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে দেখানোর বিক্ষোভের একপর্যায়ে ক্ষমতাসীন তৃণমূল বিধায়কদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে বিজেপি বিধায়করা। হাতাহাতির ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ পাঁচজন বিধায়ককে সাসপেন্ড করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
ভারতের গণমাধ্যমগুলো বলছে: উত্তেজনার এক পর্যায়ে হাতাহাতিতে জড়ান তৃণমূল ও বিজেপি বিধায়করা। পুরো ঘটনার জন্য বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে দায়ী করেছে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তার অভিযোগ, পরিকল্পিত ভাবে ‘অশান্তি’ করেছে বিজেপি। তার বক্তব্য, রাজ্যের উন্নয়ন সহ্য করতে পারে না বিরোধীরা।
বিধানসভায় হাতাহাতিতে নাক ফেটেছে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। চিকিৎসা নিতে তিনি ভর্তি হয়েছেন এসএসকেএমে। উদ্ভুত পরিস্থিতিতে বিজেপির সাত বিধায়ক অসুস্থ হয়েছেন বলে দাবি করা হয়েছে দলের পক্ষ থেকে। তাদের নিয়ে যাওয়া হয়েছে ফুলবাগানের একটি বেসরকারি হাসপাতালে।
এর আগে, বগটুইতে নিরীহ মানুষের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা। স্পিকার তাদের থামানোর চেষ্টা করলেও তাতে উত্তেজনা আরও বেড়ে যায়। একপর্যায়ে বিজেপি ও তৃণমূলের জনপ্রতিনিধিদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়করা।









