বলিউডে এখন আয়ুষ্মান মানেই ছবি হিট! অভিষেক সিনেমা ‘ভিকি ডোনার’ দিয়েই সবার মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। একই সাথে তৃতীয় বারের মত বক্স অফিসে ১০০কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছেন এই অভিনেতা।
সম্প্রতি মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা অভিনীত সিনেমা ‘বালা’। যেটি মুক্তির প্রথম দিনেই ১০.১৫ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছিল। আর এবার মুক্তির মাত্র দুই সপ্তাহের মাথায় ৪৫ কোটি রুপি বাজেটের সিনেমাটি ১০০.১৫ কোটি রুপির রেকর্ড গড়লো।
এর আগে আয়ুষ্মান অভিনীত আন্ধাধুন, বাধাই হো, আর্টিকেল ফিফটিন ও ড্রিম গার্ল সিনেমাগুলো বক্স অফিসে বাজিমাত করেছে। যার ভেতর বক্স অফিসে সেঞ্চুরি করেছিল আয়ুষ্মান অভিনীত ‘বাধাই হো’ ও ‘ড্রিমগার্ল’। এবার সে তালিকাতেই নাম লিখিয়েছে ‘বালা’!
সারাবিশ্বের প্রায় ৩৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আয়ুষ্মানের ‘বালা’। মূলত টাক সমস্যার গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি। সিনেমাটিতে আয়ুষ্মানের চরিত্রের নাম গৌরব রাওয়াত ওরফে বালা।
ছবিটিতে আয়ুষ্মান ছাড়া আরো অভিনয় করেছেন ইয়ামি গৌতম, ভূমি পেডনেকার প্রমুখ। ছবিটির প্রযোজনা করেছেন দিনেশ বিজন এবং পরিচালনা করেছেন অমর কৌশিক।








