বক্সিংয়ে নামতে যাচ্ছেন সাবেক ইংল্যান্ড ফুটবলার রিও ফার্ডিনান্ড। বরাবরই বক্সিং ভাল লাগে ফার্ডিনান্ডের। জিমে নিয়মিত বক্সিং অনুশীলনও করেন। সবকিছু ঠিকঠাক চললে আগামী ২ মাসের মধ্যেই পেশাদার বক্সিংয়ে নেমে পড়বেন ফার্ডিনান্ড।
৩৮ বছর বয়সী ফার্ডিনান্ড মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে নিজের নতুন ক্যারিয়ার শুরুর ঘোষণা দেন।
জাতীয় দলের হয়ে ৮১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ডিফেন্ডারের ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে খেলা ম্যাচের সংখ্যাটা ৩০০’রও বেশি। ২০১৫ সালে বুট তুলে রাখার পর ফুটবল বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন নিয়মিত।
অতীতে শেফিল্ড ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড কার্টিস উডহাউস ২০১২ সালে বক্সিংয়ের খেতাব জিতেছিলেন। এছাড়া ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফও পেশাদার বক্সিং শুরু করেছেন। তালিকায় যোগ হচ্ছে এবার রিও ফার্ডিনান্ডের নাম।









